উচ্চতা বাড়াতে এক্সারসাইজ এবং যোগাসনের থেকে ভালো উপায় আর হয় না। নিয়মিত এক্সারসাইজ শুধুমাত্র উচ্চতা বাড়াতে সাহায্য করবে না, আপনার ফ্লেকসিবিলিটিও বাড়াবে। উচ্চতা বাড়াতে এক্সারসাইজের গুরুত্ব নিয়ে লিখেছেন নওশীন শর্মিলী
অনেকেই মনে করেন যে, একটা বয়সের পর উচ্চতা বাড়ানো আর সম্ভব নয়। এটা খানিকটা সত্য হলেও সঠিক এক্সারসাইজ আপনার উচ্চতা কিছুটা বাড়াতে সাহায্য করবে। আসলে এক্সারসাইজ করলে শরীরে গ্রোথ হরমোন নিঃসৃত হয়, যা কার্টিলেজকে শক্ত করে ও হাড়ের ডেনসিটি বাড়ায়। এর ফলে আপনার উচ্চতা বাড়তে পারে। তবে আপনার উচ্চতা কতটা বাড়বে তা নির্ভর করবে শরীরের গঠনের ওপর।
স্ট্রেচিং এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ
এক্সারসাইজ ১ : ফরওয়ার্ড বেন্ড
পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়ান। হাত সোজা রেখে নিচু হওয়ার চেষ্টা করুন। হাঁটু না ভেঙে মাটি ছোঁয়ার চেষ্টা করুন। তারপর প্রথম পজিশনে ফিরে আসুন।
এক্সারসাইজ ২ :স্পট জাম্প
সোজা হয়ে দাঁড়ান। হাত দুটোকে বাইরের দিকে স্ট্রেচ করুন। এবার পায়ের আঙুলের ওপর ব্যালেন্স করে এক জায়গায় দাঁড়িয়ে লাফাতে শুরু করুন। ২ মিনিট টানা লাফানোর পর বিশ্রাম নিন।
এক্সারসাইজ ৩ :বার হ্যাঙ্গিং
মাটি থেকে অন্তত ৭ ফিট ওপরে রাখা কোনো বার ধরে আপনাকে ঝুলতে হবে। হাত সোজা রাখবেন। খেয়াল রাখুন কোনোভাবেই যেন আপনার পা মাটি না ছুঁতে পারে। এবার দোলনা চড়ার মতো সুইং করুন। তবে কবজির ওপর বেশি প্রেসার দিবেন না। সুইং করার সময় পিঠ সোজা রাখা অত্যন্ত জরুরি।
এক্সারসাইজ ৪ :ব্যাক বেন্ড
হাত মাথার ওপরে তুলে সোজা হয়ে দাঁড়ান। এবার আস্তে আস্তে কোমর না ভেঙে যতটা সম্ভব পেছন দিকে বেন্ড করার চেষ্টা করুন। খেয়াল রাখবেন হাত যেন একদম সোজা থাকে। শরীরকে যতটা সম্ভব স্ট্রেচ করুন। খানিকক্ষণ এই পজিশনে থেকে প্রথম অবস্থায় ফিরে আসুন। এ ছাড়াও সাইক্লিং, সুইমিং, স্কিপিং জাতীয় এক্সারসাইজ করতে পারেন। তবে যেকোনো ধরনের এক্সারসাইজ করার আগে বিশেষজ্ঞ ট্রেনারের পরামর্শ নেওয়া জরুরি। যদি আপনার শারীরিক কোনো সমস্য থাকে, সেক্ষেত্রে এক্সারসাইজ করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
যোগাসন
যোগাসন করলে শুরু শরীর সুস্থ থাকে না। এতে আপনার উচ্চতাও বাড়তে পারে। পাশাপাশি যোগাসনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
এক্সারসাইজ ১ :তদাসন
তদাসন এক ধরনের স্ট্রেচিং যোগাসন। সোজা হয়ে দাঁড়ান। হাতদুটো থাইয়ের ওপর রাখুন। সোজাসুজি তাকান। হাত একদম সোজা রাখবেন। এবার হাতদুটোকে মাথার ওপর তুলুন। খেয়াল রাখবেন কনুই যেন একদম সোজা থাকে। এরপর আস্তে আস্তে গোড়ালি ওপরদিকে পায়ের আঙুলের ওপর ব্যালেন্স করার চেষ্টা করুন। এরপর প্রথম পজিশনে ফিরে আসুন। তদাসন শরীরের মাসলগুলোকে স্ট্রেচ করে শরীরে অক্সিজেন বাড়িয়ে দেয়। যা উচ্চতা বাড়ানোর পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এ ছাড়াও বিভিন্ন ব্যালেন্সিং যোগাসন করতে পারেন।
মডেল রশনী ছবি দীপঙ্কর দীপু
