সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজার শহরের একটি হোটেল থেকে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় র্যাবের কক্সবাজার ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চার দালালসহ ৩৭জনকে আটক করেছেন।
র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম জানান,কক্সবাজার ক্যাম্প অবৈধভাবে মালয়েশিয়া গমন রোধে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে।
গত শনিবার গভীর রাতে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে র্যাবের কক্সবাজার ক্যাম্প অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে শহরের সুগন্ধা পয়েন্টের আহাম্মদিয়া রিসোর্ট থেকে চার দালালসহ ৩৭জনকে আটক করে। এদের মধ্যে আটজন রোহিঙ্গা এবং অন্যরা দেশের বিভিন্ন স্থানের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের পর রবিবার বেলা ১টায় আটককৃতদের গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র গরিব-অসহায় লোকজনকে প্রতারণার মাধ্যমে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাচার করছে। সরকার বর্তমান সময়ে কম খরচে বিপুলসংখ্যক কর্মী মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা গ্রহণ করলেও দালাল চক্রটি অসহায় মানুষদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি বেশকিছু ট্রলার ডুবির ঘটনা ঘটলেও তাদের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না।
