জাপানের নতুন সম্রাট হলেন নারুহিতো। বাবা আকিহিতোর ঐতিহাসিক পদত্যাগের পর আনুষ্ঠানিকভাবে তিনি বুধবার সিংহাসনে আরোহণ করেন। আর এর মধ্য দিয়ে দেশটিতে হেইসেই যুগের অবসানের মাধ্যমে নতুন রেইওয়া যুগের (শৃঙ্খলা ও ঐকতান) সূচনা হলো।
ওইদিন সকালে প্রতীকী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজকীয় সম্পদের উত্তরাধিকার গ্রহণ করে সিংহাসন আরোহণ সম্পন্ন করেন নারুহিতো। স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় উত্তরাধিকার গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজপরিবারের নারীদের এই অনুষ্ঠানে থাকার অনুমোদন না থাকায় সম্রাট নারুহিতোর স্ত্রী সম্রাজ্ঞী মাসাকো এখানে ছিলেন না। জাপানের ১২৬তম সম্রাট হিসেবে দায়িত্ব নেওয়া নারুহিতো অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। ২৮ বছর বয়সে যুবরাজ হন তিনি। আর এবার ৫৯ বছর বয়সে সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করলেন তিনি।
৮৫ বছর বয়সী সম্রাট আকিহিতো বয়স ও স্বাস্থ্য সমস্যার কারণে ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না জানিয়ে এর আগেই সিংহাসন ছাড়ার কথা জানিয়েছিলেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তার সিংহাসন ছাড়ার আইন পাস করা হয়। সে মোতাবেক মঙ্গলবার স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন তিনি।
