ডার্ক ন্যানেসের গোয়েন্দাগিরি

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
সিলেট রয়্যালসের ডার্ক ন্যানেস নেটের পাশেই মোবাইল ফোনটা রেখে অনুশীলনে যান। অনুশীলন চলাকালে ফোনের কথা তার মাথায়ও ছিল না। অনুশীলনের পর মোবাইল ফোনটাই চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। নেটের পাশে রেখে যাওয়া আইফোনটা পাওয়াই যাচ্ছিলো না। বিষয়টি জানাজানি হওয়ার পর রবিবারই টিম ম্যানেজমেন্ট থেকে পুলিশকে জানানো হয়। হোটেলে ফেরার পর খোয়া যাওয়া ফোনসেট উদ্ধার অভিযান শুরু হয় ন্যানেসের। কোথায় সেটটি আছে তখনও জানা হয়নি। আইপ্যাডের মাধ্যমে ট্র্যাকিং করে দেখলেন হোটেলে কারও কাছে সেটটি নেই। অচেনা জায়গায় সেটা খুঁজে বের করা সত্যি কঠিন। পুলিশকে বললেন, তোমরা পাশে থাকলে আমি ফোনটা বের করে ফেলবো। আইপ্যাডের মাধ্যমে ট্র্যাকিং করে ফোনটা বের করে ফেলেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। সিলেট রয়্যালসের পক্ষ থেকে জানা যায়, শহরের কোন একটি মুদি দোকানে পাওয়া গেছে মোবাইল ফোনটি। বিস্মিত হওয়ার মতোই ঘটনা। মাঠ থেকে ফোনটি মুদি দোকানে গেলো কী করে? পুলিশি জিজ্ঞাসাবাদে দোকানী জানিয়ে দেয় কে তাকে দামি মোবাইল ফোন সেটটি দিয়েছে। বরিশাল বার্নার্সের অনুশীলনে থাকা একজন নেট বোলার নিন্দনীয় কাজটি করেছেন। অনুশীলন শেষ করে যাওয়ার পথে সেটটি তুলে নেন। এরপর সেটি হাত বদলও করেন। জনৈক নেট বোলারের বাবা পুলিশকে অনুরোধ করে ঘটনাটি ফাঁস না করার জন্য। ফোন সেটটি এখনও হাতে পাননি ন্যানেস। সেটি ফেরত দেয়ার দায়িত্ব পুলিশের। যতক্ষণ পর্যন্ত না ছেলেটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশ ফোনসেটটি হস্তান্তর করতে নাও পারে। সিলেট রয়্যালসের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, ফোনসেট খোয়া যাওয়া নিয়ে কোন উচ্চবাচ্য করেননি ন্যানেস। এমনকি কোন ধরনের মন্তব্যও তার মুখ থেকে শোনেননি তারা। - বাংলা নিউজ