যুদ্ধাপরাধীদের বিচার হলে জামায়াত-বিএনপির রাজনীতির কবর হবে :- হানিফ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:৩১
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত মরিয়া হয়ে উঠেছে। তারা যত হামলা করুক না কেন যুদ্ধাপরাধীদের বিচার হবেই। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হলে এ দেশে জামায়াতের রাজনীতির কবর হবে। সেই সঙ্গে বিএনপিরও রাজনীতির কবর রচনা হবে। গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইলে স্থানীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগ আয়োজিত ফারুক আহমেদের শোকসভায় তিনি এসব কথা বলেন। তার আগে মাহবুব উল আলম হানিফ ফারুক আহমেদের শহরের কলেজ পাড়ার বাসায় যান। সেখানে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও তাদের খোঁজ-খবর নেন। এরপর তিনি কেন্দ্রীয় কবরস্থানে নিহত ফারুক আহমেদের কবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুস্পস্তবক অর্পণ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ গত ১৮ জানুয়ারি নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।