বড়াইগ্রামে কাল শুরু হচ্ছে মহিলা বিশ্ব ইজতেমা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৪
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়ায় আগামীকাল বুধবার ৭ম বারের মত শুরু হচ্ছে দেশের প্রথম মহিলা বিশ্ব ইজতেমা। ইতিমধ্যেই সামিয়ানা টাঙানো আর মঞ্চ তৈরিসহ ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমায় আগতদের নিরাপত্তার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি র্যাব-পুলিশের বিশেষ টহল দল নিয়োজিত থাকবে। জানা গেছে, দু’দিনব্যাপী ইজতেমার প্রথম দিন বুধবার ওয়াজ করবেন ভারতের নদীয়া থেকে আগত রেণু বেগম, সিরাজগঞ্জের ফাতেমাতুজ্জোহরা, পাবনার মাওলানা আতিউর রহমান, নাটোরের তাসলিমা বেগম ও মাওলানা জিল্লুর রহমান। বৃহস্পতিবার ওয়াজ করবেন নিউইয়র্ক মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. শেখ হানি, পাবনার রহিমা খাতুন ও মাওলানা আমজাদ হোসেন। সবশেষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক ড. হাফিজা নাসির আখেরী মোনাজাত পরিচালনা করবেন। প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে মৌখাড়ার সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব শের আলী শেখ ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছর দেশের প্রথম মহিলা বিশ্ব ইজতেমা আয়োজন করে আসছেন।