সিলেটের দক্ষিণ সুরমার শিলাম এলাকায় রবিবার রাতে সুহেল আমিন (২৫) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে খুন করা হয়েছে। সুহেল সিলেট মদন মোহন কলেজ থেকে এবার রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পরীক্ষা দিয়েছে। রাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এলাকাবাসী জানান, শনিবার শিলাম টিলাপাড়ার রফিক ও তার স্ত্রী সাথী বেগম সুহেলদের একটি মুরগি চুরি করে খেয়ে ফেলে। এ নিয়ে সুহেলের সাথে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সুহেলদের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে রফিকরা। এ ঘটনায় সুহেল শিলাম থানায় জিডি করে। রফিক একজন মাইক্রোবাস চালক। সে ভাড়ায় অন্যের গাড়ি চালায়। রবিবার রাতে এশার নামাজ থেকে বাড়িতে আসার পথে সুহেলের উপর রফিক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সুহেলের আর্তচিত্কারে তার বাড়ির কয়েকজন মহিলা এগিয়ে আসলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। সুহেল ঘটনাস্থলেই মারা যায়।
