কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল কাল বুধবার। প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। ইতিমধ্যে এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ প্রধান অতিথি হিসাবে এবং সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে শহরে মাইকিং চলছে। দলীয় সূত্রে জানা গেছে, এ সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি মুজিবুর রহমানের কোন প্রতিদ্বন্দ্বী নেই। এখন পর্যন্ত সভাপতি পদে লড়ার জন্য দ্বিতীয় কেউ আগ্রহ প্রকাশ করেনি। তবে সাধারণ সম্পাদক পদে রয়েছেন বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী। এদের মধ্যে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
