কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১নং প্যানেল মেয়র কলিউদ্দিন মল্লিককে শারিরীকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে গত রবিবার পৌরসভার ৯ কাউন্সিলরের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে প্যানেল মেয়র কলিউদ্দিন মল্লিক লিখিত বক্তব্যে জানান, গত ২৪ জানুয়ারী পৌরসভা কার্যালয়ে মেয়র এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শালিসী সভা শেষে ২নং ওয়ার্ডের কাউন্সিলর রিপন আলী মদ্যপ অবস্থায় অতর্কিত সভাস্থলে প্রবেশ করে আমাকেসহ কাউন্সিলর সালাউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেফালী খাতুন ও কাউন্সিলর আবু নাসের আল-হেলাল নিরপনকে এলোপাতাড়ী মারধর ও লাঞ্ছিত করে। এছাড়া পরের দিন পৌরসভার মিলাদের মিষ্টি কেনার জন্য বাজারে গেলে অজ্ঞাত পরিচয়ধারী কিছু উশৃঙ্খল যুবক সঙ্গে নিয়ে রিপন কলি উদ্দিনকে ঘুষি ও লাথি মেরে গুরুত্বর আহত করে। এ ঘটনায় কাউন্সিলরবৃন্দ রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানায় লিখিত একটি এজাহার দায়ের করেন। কিন্তু থানা রিপনের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাই কাউন্সিলর রিপনের বিরুদ্ধে ২৪ঘন্টার মধ্যে কোন ব্যবস্থা গ্রহণ বা না করলে পৌরসভার সকল কাউন্সিলররা কর্মবিরতী পালন করবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
