নেত্রকোনার প্রত্যন্ত উপজেলা খালিয়াজুরীর চাকুয়া ইউনয়নের লেপসিয়া সোনালী ব্যাংক শাখায় রবিবার রাতে ডাকাতি হয়। ডাকাতরা ব্যাংকের লকার ভেঙ্গে সাড়ে ২৪ লাখ টাকা নিয়ে যায়। এদিকে মোহনগঞ্জ পুলিশ ডাকাতির সাথে জড়িত সন্দেহে কুখ্যাত ডাকাত রিপুলকে গতকাল সোমবার সকালে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতরা ব্যাংক গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং ব্যাংকে ঘুমন্ত ক্যাশিয়ার জাহের উদ্দিন এবং গার্ড কিতাব আলীকে ঘুম থেকে তুলে। প্রচন্ড মারধর করে। নিকটবর্তী বাড়ি থেকে ব্যাংকের ম্যানেজার নুর ইসলামেকেও ডাকাতরা ডেকে নিয়ে আসে এবং তাকেও মারধর করে। পরে ব্যাংক থেকে ২৪ লাখ ২৭ হাজার টাকা নিয়ে যায়। সোমবার সকালে জেলা প্রশাসক আনিস মাহমুদ এবং অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনাস্থলে ডাকাতির বিষয়ে খোঁজ খবর নেন। স্থানীয় লোকজন জানান, ব্যাংকের কর্মকর্তাদের গাফিলতির কারনেও এই ডাকাতির ঘটনা ঘটতে পারে। গ্রামের হাওরের ব্যাংকে ২৪ লাখ টাকা কেন রাখা হলো এ নিয়েও এলাকাবাসি প্রশ্ন তুলেছেন।
