সুনামগঞ্জের ঐতিহ্যবাহী রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে এ মৌসুমের বাণিজ্যিক ভিত্তিতে মত্স্য আহরণ শুরু হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সংগঠনভুক্ত স্থানীয় মত্স্যজীবীগণ অংশীদারিত্বের ভিত্তিতে মাছ আহরণ করবেন। শনিবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ড. নাসিরউদ্দিন হাতিরগাথা বিলে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। টাঙ্গুয়ার হাওর সহব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ নাসিরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইইউসিএন-এর কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামীন চৌধুরী, টাঙ্গুয়ার ব্যবস্থাপনা প্রকল্পের সাপোর্ট কো-অর্ডিনেটর আমিনুর রহমান প্রমুখ।
