ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা করায় জেলা ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এমপি, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা, কে এম খালিদ বাবু এমপি, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুসহ সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণা করা হলো। আগামী একনেকের সভায় অনুমোদনের পর প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। ময়মনসিংহে সিটি কর্পোরেশন করার ঘোষণার মধ্যদিয়ে ময়মনসিংহবাসীর আরেকটি প্রাণের দাবি পূরণ হলো বলে জানান পৌরবাসী।
