বরিশালের আগৈলঝাড়ায় মহিলা লীগের আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হলেও দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি আজও। প্রকাশ, পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে আহ্বায়কের নেই কোন মাথা ব্যথা। অন্য সদস্যরা তেমন কিছু জানেন না। তবে পেয়ারা ফারুকের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ করেছেন দলের কয়েকজন তৃণমূল নেত্রী।
জানা গেছে, গত বছর ১৫ মে বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মাহেরু বেগম বাগধা ইউপি সাবেক সদস্য পেয়ারা ফারুক বখতিয়ারকে আহ্বায়ক ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেফালী রানী সরকারকে যুগ্ম-আহ্বায়ক করে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়ে ১৫ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। সে হিসাবে ১৫ আগস্ট আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হলেও আহ্বায়ক পেয়ারা ফারুক বখতিয়ার এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনে কোন কার্যক্রম শুরু করেননি। অভিযোগসমূহ অস্বীকার করে আহ্বায়ক পেয়ারা ফারুক বখতিয়ার বলেন, কেন্দ্রীয় মহিলা লীগের উপদেষ্টা শাহানারা আব্দুল্লাহ সময় দিতে না পারায় এবং জেলা নেতৃবৃন্দের সাথে সময়ের সমন্বয় করতে না পারায় তিনি এখনও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি। অচিরেই জেলার সাথে আলোচনা করে কমিটি গঠনের দিন-তারিখ ঘোষণা করবেন বলেও তিনি জানান।
