পল্টন থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।
গত রবিবার ঢাকার সিএমএম আদালতে পুলিশকে মারধর, হত্যা চেষ্টা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা এ মামলায় ফখরুলের রিমাণ্ড ও জামিন উভয় আবেদন না-মঞ্জুর করার পর ফৌজদারী বিবিধমূলে গতকাল এ আদালতে জামিনের আবেদন করা হলো।
ফখরুলের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, একই অভিযোগে কলাবাগান থানার অপর একটি মামলায় একইদিন একই আদালতে জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। তিনি জানান, গ্রেফতার হওয়ার পর এ পর্যন্ত মোট ৬ মামলায় তাকে (ফখরুলকে) গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে ৪টি মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে। এ ছয় মামলা ছাড়াও আরও ২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
