যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বৈধ করতে দুই দলের উদ্যোগ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২২:১৫
যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বৈধ করতে ‘কঠিন ও সুন্দর’ পথ বের করতে দুই দলের আট সিনেটর একটি উদ্যোগ নিয়েছেন। গতকাল সোমবার তারা তাদের পরিকল্পনার কথা তুলে ধরেছেন যাতে করে যুক্তরাষ্ট্রে বসবাসরত এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর বৈধ হওয়ার পথ সুগম হয়। তারা স্বীকার করছেন, তাদের অভিবাসন পদ্ধতি অকার্যকর হয়ে পড়েছে। খবর এনডিটিভির। সিনেটররা কাগজপত্রবিহীন অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের ‘কঠিন ও সুন্দর’ পথ বের করার কথা বলছেন যাতে করে তারা মার্কিন অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, কার্যকর কর্মসংস্থান যাচাই পদ্ধতি গড়ে তোলা যায় এবং ভবিষ্যতে শ্রমিক আগমন প্রক্রিয়া উন্নত করা যায়। তাদের প্রস্তাবিত আইনে কানাডা ও মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কিছু পদক্ষেপ নেয়ার কথাও বলা হয়েছে। প্রস্তাবিত আইনে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা যুক্তরাষ্ট্রে আছেন তাদের রেজিস্ট্রেশন করার কথা বলছেন। যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের মধ্যে ৪০ ভাগই বৈধভাবে সে দেশে প্রবেশ করার পর তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সিনেটরদের পরিকল্পনা অনুযায়ী, এ ধরনের অবৈধ অভিবাসীদের অস্থায়ী মর্যাদা দেয়া হবে যাতে তারা থাকার ও কাজের সুযোগ পায়। তাদের আরো কিছু বিষয় যাচাই করা হবে। তারা সব শর্ত পূরণ করতে পারলে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য গ্রিন কার্ড পাবার যোগ্য হবে। তবে যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আছে ও যুক্তরাষ্ট্রে নিরাপত্তার জন্য হুমকি তারা এই সুবিধা পাবে না। তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন, মার্কো রুবিও, লিন্ডসে গ্রহাম, জেফ ফ্ল্যাক ও ডেমোক্র্যাট সিনেটর রবার্ট মেনেনডেজ, চাক শুমার, ডিক ডারবিন, মিশেল বেনেট এই নতুন আইন করার উদ্যোগ নিয়েছেন।