রাজশাহী অঞ্চলের কৃষকরা টিস্যু কালচারের আলু বীজের ওপর ঝুঁকছে। এই চাহিদার কথা মাথায় রেখেই রাজশাহীতে কৃষক পর্যায়ে গড়ে ওঠেছে টিস্যু কালচার বীজ উত্পাদন খামার। কৃষকরা বাঁশ ও নেট দিয়ে নেট হাউজ বানিয়ে আলুর বীজের চাষ করছে।
রাজশাহী কৃষি গবেষণা পরিষদের সম্পাদক ড. মাহাবুবে আলম বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ২ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়। কিন্তু হেক্টর প্রতি আলুর গড় ফলন প্রায় ১২ টন। যা অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত কম। এর একটি কারণ ভাল বীজের অভাব। বাংলাদেশে কৃষক পর্যায়ে টিস্যু কালচারের আলুর বীজের ব্যাপক চাহিদা রয়েছে। একমাত্র বাংলাদেশই বিশ্বের আলুর বীজ আমদানিকারক হিসাবে প্রথম স্থানে রয়েছে। যদিও রাজশাহী অঞ্চলে নেট হাউজে আলুর অণু চারা (প্ল্যান্টলেট) লাগিয়ে আলুর বীজ উত্পাদন করে দেড় শতাধিক কৃষক এক নীরব কৃষি বিপ্লবের জন্ম দিয়েছেন। নেট হাউজে উত্পাদিত আলুর ব্রিডার বীজ ৩শ’ থেকে ৫শ’ টাকা কেজি দরে বিক্রি হয়। সরেজমিনে ঘুরে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার কৃষক মল্লিকপুরের আবু হেনা মোস্তফা কামাল এই মৌসুমে নেট হাউজে ৩ হাজার প্ল্যান্টলেট, মোহনপুর উপজেলার খানপুরের কৃষক নুর আলম আড়াই হাজার প্ল্যান্টলেট লাগিয়েছেন। বাগমারা উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের আলী আফজাল মৃধা নেট হাউজে দেড় হাজার প্ল্যান্টলেট ও টিস্যু কালচারের আলুর বীজ চাষ করেছেন। কৃষকরা বলেন, আর কয়েকদিন আবহাওয়া ভাল থাকলে প্রত্যেকের নেট হাউজে আলুর বীজের ফলন ভাল হবে। এবার তাদের প্রত্যেকের আলুর আবাদ ভাল হয়েছে বলে জানান। এদিকে বীজ আলু উত্পাদক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি বলেন, গত ৫ বছর ধরে নেট হাউজের মাধ্যমে টিস্যু কালচার আলুর বীজ উত্পাদন করে সফল হয়েছেন রাজশাহীর অনেক কৃষক। তাদের সমিতির প্রায় ৫ শতাধিক কৃষক আলুর বীজ চাষ করে লাভবান হয়েছেন।
বাংলাদেশে আলুর বীজ উত্পাদনের এই সাফল্যে দারুণ আশাবাদী টিস্যু কালচার পদ্ধতিতে আলুর বীজের উদ্ভাবক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মুনজুর হোসেন। ১৯৮৭ সাল থেকে আলুর টিস্যু কালচার পদ্ধতি নিয়ে তিনি গবেষণা করছেন। টিস্যু কালচার পদ্ধতি উদ্ভাবনে উত্তরাঞ্চলে উন্নতমানের আলুর বীজ তথা সামগ্রিক আলু উত্পাদন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। টিস্যু কালচারের মাধ্যমে উত্পাদিত রোগমুক্ত বীজ ব্যবহার করে বাংলাদেশে আলুর ফলন শতকরা ৩০ ভাগ বেড়েছে। তিনি বলেন, কৃষক পর্যায়ে আধুনিক পদ্ধতি ব্যবহারের শিক্ষা কীভাবে একটি এলাকার কৃষির চিত্র পাল্টে দিতে পারে—বিষয়টি কৃষকদের নেট হাউজ না দেখলে বোঝাই যাবে না।
