শাহজালাল ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২২:১৭
হলমার্কসহ ছয়টি প্রতিষ্ঠানকে ব্যাংকের নন-ফান্ডেড অংশের প্রায় ১১০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত দুদক কার্যালয়ে শাহজালাল ব্যাংকের গুলশান শাখার এভিপি মো. মনোয়ারুল ইসলাম, সিনিয়র অফিসার জান্নাত লুনা, ভাইস-প্রেসিডেন্ট ও ডেপুটি ম্যানেজার মো. নজরুল ইসলাম, জুনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট গালিব মাহবুব, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও গুলশান শাখার ম্যানেজার মোতালেব হোসেন এবং নারায়ণগঞ্জ শাখার অফিসার তাহমিনা আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। হলমার্কের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে দুদকের দায়ের করা মামলার প্রধান তদন্ত কর্মকর্তা ও সিনিয়র উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি তদন্ত টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। তদন্ত সূত্র জানায়, হলমার্ক, টি অ্যান্ড ব্রাদার্স, ডিএন স্পোর্টস, প্যারাগন গ্রুপ, নকশী নিট, খান জাহান আলী গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানকে ঋণ পেতে সহযোগিতা করেন শাহজালাল ইসলামী ব্যাংকসহ প্রায় ৩০টি ব্যাংকের কর্মকর্তারা। আজ মঙ্গলবার ব্যাংকটির আরো ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা হলেন ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখার জুনিয়র এভিপি ও ডেপুটি ম্যানেজার হরিলাল দেবনাথ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. কামরুল ইসলাম, অফিসার সাজিয়া ইসলাম, মো. ওয়াজিদুল ইসলাম, জুনিয়র এভিপি ও ডেপুটি ম্যানেজার নাফিসা হাবিব এবং সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ম্যানেজার এসএম রাশেদুল করিম।