বাংলাদেশ বণ্যপ্রাণী সংরক্ষণ ও প্রতিপালন সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্লু-গোল্ড ম্যাকাও পাখি প্রিন্সেস গুরুতর অসুস্থ। গত ৩ জানুয়ারি প্রিন্স আলাদা হওয়ার পর থেকে প্রিন্সেস খাওয়া-দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। এছাড়া সে অনাবরত বিলাপ করছে, করুণ সুরে কাঁদছে। অনেক সময় তার আত্মচিত্কারে পরিবেশ ভারী হয়ে উঠছে। প্রিন্সেস থাকছে ঢাকার হাতিরপুলে প্লাটিনাম জিমের মিনি চিড়িয়াখানায় আর প্রিন্স থাকছে বসুন্ধরা আবাসিক এলাকায়। গতকাল রবিবার প্রিন্সেসের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ভেটরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডা. কাজী মজিবুর রহমানের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করে তাকে ব্যবস্থাপত্র দেয়া হয়। প্রিন্সেসের মালিক ড. আবদুল ওয়াদুদ নিজ হাতে ড্রপারের মাধ্যমে এসব ওষুধ ও ভিটামিনযুক্ত খাদ্য সময়মত খাওয়াচ্ছেন। আগামী ৫ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আদালতে প্রিন্স-প্রিন্সেসের একত্রে ঘর-সংসার করা অথবা পৃথক থাকার ব্যাপারে রায় ঘোষিত হবে। বিশ্বের ইতিহাসে পাখির অধিকার নিয়ে আইনি লড়াই এটাই প্রথম।
