রামুর পুনর্নির্মিত বৌদ্ধ পল্লীতে ধর্মসভা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২২:১৮
২৯ সেপ্টেম্বরের সহিংস ঘটনার ৪ মাস পূর্তির প্রাক্কালে কক্সবাজারের রামুর পুনর্নির্মিত বৌদ্ধপল্লীতে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্ষতিগ্রস্তদের যথাসময়ে সমবেদনা ও সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, জনপ্রশাসন এবং মিডিয়া কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি পন্ডিত শ্রীমত্ সত্যপ্রিয় মহাথের। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ, রামু থানার অফিসার ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন, শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমত্ চেকাচারা মহাথের, উত্তর মিঠাছড়ি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমত্ করুণাশ্রী থের, উখিয়ারঘোনা জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্য্যবংশ ভিক্ষু, হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারের সৌরবোধি ভিক্ষু।