প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন, তাই নতুন সাজে সাজানো হচ্ছে পাবনাকে। তার এই সফর ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধান সড়কসহ গোটা শহরজুড়েই চলছে ঘষামাজার কাজ। মেরামত করা হচ্ছে ভাঙ্গাচোরা সড়ক। চোখে পড়ার মতো স্থাপনাগুলো রং করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জনসভাস্থল সরকারি এডওয়ার্ড কলেজের সামনে নির্মাণ করা হচ্ছে সুদৃশ্য গেট। কলেজ মাঠে মঞ্চ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য ডিজিটাল ফলক তৈরির কাজও চলছে দ্রুত গতিতে। এর বাইরে পাবনা-ঢাকা ও পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বিভিন্ন স্থানে চলছে তোরণ নির্মাণের কাজ।
প্রধানমন্ত্রী আগামী ২ ফেব্রুয়ারি পাবনায় আসছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই জেলায় এটিই তার প্রথম সফর। এর আগে ১৯৯৯ সালের ৬ মার্চ তিনি পাবনা এসেছিলেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে ইতিমধ্যে জেলা প্রশাসন, জেলা আওয়াম লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো একাধিক প্রস্তুতিসভা, সংবাদ সম্মেলন ও আনন্দ মিছিল করেছে। তাদের মাঝে বিরাজ করছে উত্সবের আমেজ।
সফরসূচি : সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় পাবনার বেড়ায় ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পিকিং পাওয়ার প্লান্ট ও বেড়া পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন বিরতিতে প্রধানমন্ত্রী পাবনা সার্কিট হাউজে অবস্থান করবেন। এরপর বেলা সোয়া দুইটায় প্রধানমন্ত্রী সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জনসভাস্থল থেকে ডিজিটাল পদ্ধতিতে পাবনা মেডিক্যাল কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নবনির্মিত ভবন, পাবনা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবন, পাবনা বনমালী ইন্সটিটিউটের (সাংস্কৃতিক মিলনায়তন) নবনির্মিত ভবন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং একই বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ভবন উদ্বোধন করবেন। এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর, ঈশ্বরদী-ঢালারচর রেলপথ প্রকল্প, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন, ভাঙ্গুড়া-নওগাঁ সড়ক, পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সবশেষে প্রধানমন্ত্রী বেলা আড়াইটায় এডওয়ার্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। জনসভায় সভাপতিত্ব করবেন পাবনা-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু।
পিকিং পাওয়ার প্লান্ট: পাবনার বেড়া উপজেলায় ৫শ’ ৪২ কোটি টাকা ব্যয়ে ৭০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন পিকিং পাওয়ার প্লান্ট নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুত্ কেন্দ্রের উদ্বোধন করবেন।
