কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ ও তাড়াইল আসনে আওয়ামী প্রতীকের প্রার্থী মনোনয়নের দাবিতে গত রবিবার করিমগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। করিমগঞ্জ তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এই আসনের বর্তমান সংসদ সদস্য হচ্ছেন মহাজোটের শরীক দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক চুন্নু।
দুপুরের দিকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, করিমগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুল কাইয়ূম, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মামুন, পৌর যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সিরাজী প্রমুখ।
বক্তাগণ বলেন, করিমগঞ্জ ও তাড়াইল হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু এই আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানান। সমাবেশ শেষে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
