বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ যাত্রা

আপডেট : ০২ মে ২০১৯, ২২:০১

সময়ের সেরা দল, সবচেয়ে অভিজ্ঞতাপূর্ণ দলের তকমা জুড়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে তাই অতীতের চেয়ে এবার সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ দলটার খেলোয়াড়রাও বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নই দেখছেন। বড় কিছু করে দেখানোর আত্মবিশ্বাসও আছে ক্রিকেটারদের মাঝে।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপ খেলতে প্রায় আড়াই মাসের লম্বা সময়ের জন্য গত বুধবার দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে আয়ারল্যান্ডের ডাবলিনে পৌঁছে গেছে টাইগাররা।  দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ক্রিকেটাররা নিজেদের প্রত্যাশা, ইচ্ছা এবং মাঠে সেরাটা উজাড় করে দিয়ে বিশ্বকাপের মঞ্চ রাঙানোর কথা বলেছেন। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ৫ মে। পরে ১৬ মে ত্রিদেশীয় সিরিজ শেষে ক্রিকেটারদের কেউ কেউ দেশে ফিরে আসবেন। তিন-চারদিন থেকে আবার উড়াল দিবেন তারা। মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই ত্রিদেশীয় সিরিজটা খেলবে বাংলাদেশ দল। তবে সব কিছু ছাপিয়ে দেশবাসীর মতো বিশ্বকাপকে টার্গেট করছেন রুবেল-সৌম্যরা। সবার সমর্থন ও দোয়া চেয়েছেন ক্রিকেটাররা।

মাশরাফি বিন মুর্তজা

সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। আমরাও নিজেদের সেরাটা দিয়ে ভালো ফলাফল আনতে চেষ্টা করব।

সৌম্য সরকার

এটা আমার দ্বিতীয় বিশ্বকাপ। অবশ্যই আগে থেকে এবার প্রত্যাশাটা বেশি। আগে যেই ভুলটা করেছি সেটা এবার করা যাবে না।

 

রুবেল হোসেন

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাচ্ছি আমরা। তো অবশ্যই আমাদের প্রথম টার্গেট দ্বিতীয় রাউন্ডে খেলা। আমাদের সবার মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।

সাব্বির রহমান

আমাদের দিক থেকে শতভাগ দেওয়ার ইচ্ছা থাকবে। সেরাটা দেওয়ারই চেষ্টা করব।

 

মোহাম্মদ মিঠুন

দেশের মানুষের কাছে একটাই চাওয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের উপর বিশ্বাস রাখবেন।

মোসাদ্দেক হোসেন সৈকত

অবশ্যই দলের ভূমিকা রাখাটাই বড়। আমরা যদি সেমিফাইনালে যেতে পারি তাহলে আমাদের ইচ্ছা পূরণ হবে।

 

মুস্তাফিজুর রহমান

বিশ্বকাপ আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। এখানে সবাই খেলতে চায়, সবার লক্ষ্য থাকে ভালো কিছু করার। আমাদের মানসিকতাও সেরকমই। প্রথম বিশ্বকাপে যাচ্ছি। অনেক উত্তেজিত অবশ্যই।

মোহাম্মদ সাইফউদ্দিন

আসলে শুধু সুযোগ পেলে তো হবে না সুযোগ কাজে লাগাতে হবে। টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছে। আমিও চেষ্টা করব ভালো কিছু করার।

মেহেদি হাসান মিরাজ

বিশ্বকাপ আমাদের জন্য একটা লম্বা সফর। সবার কাছে দোয়া চাই। আপনারা আমাদের পাশে থাকবেন।