নেদারল্যান্ডের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ফিলিপস তাদের হোম এন্টারটেইনমেন্ট অংশটি বিক্রি করে দিচ্ছে। অডিও-ভিডিও সিস্টেম, হাই-ফাই সিস্টেম, ডিভিডি প্লেয়ারসহ হোম এন্টারটেইনমেন্টের সব ব্যবসা তারা বিক্রি করে দিচ্ছে জাপানের প্রতিষ্ঠান ফুনাই ইলেকট্রিকের কাছে। ১৩০ মিলিয়ন পাউন্ড বা ২০০ মিলিয়ন ডলারে এটি বিক্রি করে দিচ্ছে ফিলিপস। নিজেদের ব্যবসাকে সার্বিকভাবে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়েই হোম এন্টারটেইনমেন্ট অংশটি বিক্রি করে দিচ্ছে ফিলিপস। আর নিজেদের আরও গতিশীল করতে এই হোম এন্টারটেইনমেন্ট অংশটি বাদ দিয়ে তারা তাদের স্বাস্থ্যসেবা, বাল্ব এবং বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স সংক্রান্ত ব্যবসায় আরও মনোযোগী হতে চায়। নিজেদের ব্যবসাকে ঢেলে সাজানোর বিষয়টির সাথে অবশ্য তাদের গত কয়েকমাসের ব্যবসার পরিস্থিতিও জড়িত। সম্প্রতি ফিলিপস তাদের এক প্রতিবেদনে গত বছরের শেষ চতুর্ভাগের ব্যবসায়িক হিসাব প্রকাশ করেছে। তাদের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ২০১২ সালের শেষ তিন মাসে ফিলিপস সার্বিকভাবে ৩৫৫ মিলিয়ন ইউরোর সমপরিমাণ ক্ষতির মুখ দেখেছে। এই ক্ষতির পেছনে অবশ্য মূল ভূমিকা পালন করেছে গত বছরে ইউরোপিয়ান কমিশন কর্তৃক ধার্য করা জরিমানা। গত বছরে টেলিভিশনের ব্যবসায় মূল্য নির্ধারণ নিয়ে ফিলিপস যে নীতিমালা লংঘন করে, তাতে তাদের ৫০৯ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়। এই বিশাল অংকের ক্ষতি পূরণ করতে তারা টিভি ব্যবসায় হংকংয়ের টিপিভি’র সহায়তায় যৌথ উদ্যোগ গ্রহণ করার ঘোষণা দেয় গত বছরেই। এসব উদ্যোগের ধারাবাহিকতাতেই তারা এবারে তাদের হোম এন্টারটেইনমেন্ট অংশকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে ফুনাই ইলেকট্রিকের কাছে এই অংশটি বিক্রি করে দেওয়া হলেও সার্বিকভাবে ব্যবসা হস্তান্তরের কাজটি দীর্ঘ সময়ের বিরতিতে সম্পন্ন হবে। প্রথম অংশ হিসেবে চলতি বছরের মাঝামাঝি সময় অতিক্রম করে অডিও অংশটি পুরোপুরি হস্তান্তর করে দেবে ফিলিপস। আর ভিডিও অংশটি বুঝে পেতে ফুনাইকে অপেক্ষা করতে হবে ২০১৭ সাল পর্যন্ত। হোম এন্টারটেইনমেন্ট অংশ বিক্রি করে দিয়ে বাকি অংশগুলোতে মনোযোগ দেওয়ার বিষয়ে ফিলিপস-এর চিফ এক্সিকিউটিভ ফ্র্যান্স ভ্যান হটেন জানিয়েছেন, ‘গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে ইলেকট্রনিক পণ্যের ব্যবহার নিশ্চিত করতে ফিলিপসকে নতুন করে সাজানোর প্রয়োজন ছিল। এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। এতে করে স্বাস্থ্য এবং দৈনন্দিন প্রয়োজনের খাতে ইলেকট্রনিক কোম্পানি হিসেবে ফিলিপস শীর্ষস্থানের দিকে এগিয়ে যাবে আরও দ্রুতগতিতে।’
