নতুন বছরে নতুন পণ্য প্রদর্শন করল ট্রান্সসেন্ড

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৪১
ফ্ল্যাশ মেমোরি, মেমোরি কার্ড, এক্সটার্নাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্যে বিশ্বব্যাপী সুপরিচিত ব্র্যান্ড ট্রান্সসেন্ড গতকাল নতুন বছরে নিয়ে আসা নতুন প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। বাংলাদেশে ট্রান্সসেন্ড পণ্যের অনুমোদিত ডিস্ট্রিবিউটর ইউসিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রযুক্তি পণ্যগুলো উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রান্সসেন্ডের দক্ষিণ এশিয়ার প্রধান গর্ডন উ এবং দক্ষিণ এশিয়ার অ্যাকাউন্ট ম্যানেজার নিক চোউ। সংবাদ সম্মেলনের শুরুতেই ইউসিসি’র প্রধান নির্বাহী সরওয়ার মাহমুদ খান বাংলাদেশের বাজারে ট্রান্সসেন্ড পণ্যের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন এবং এই বাজার গড়ে তুলতে ট্রান্সসেন্ড প্রতিনিধিবৃন্দের সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন। এরপর গর্ডন উ ট্রান্সসেন্ডের বর্তমান বাজারের অবস্থান এবং তাদের পণ্য নিয়ে একটি উপস্থাপনা করেন। বাংলাদেশে ট্রান্সসেন্ড পণ্যকে জনপ্রিয় করে তুলতে তাদের এবং ইউসিসি’র যৌথ উদ্যোগে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও তিনি অভিহিত করেন। এরপর নিক চোউ ট্রান্সসেন্ডের নতুন পণ্যগুলো তুলে ধরেন উপস্থিত সাংবাদিকবৃন্দের সামনে। এসব পণ্যের মধ্যে রয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইনের গোল্ড প্লেটেড পেনড্রাইভ, পোর্টেবল সলিড স্টেট ড্রাইভ এবং বিশ্বের সর্বপ্রথম তৈরি ওয়াই-ফাই এসডি কার্ড। নতুন এসব পণ্য বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদ জানান ট্রান্সসেন্ড প্রতিনিধিবৃন্দ।