মারিসাতেই লাভের মুখ দেখছে ইয়াহু

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৪১
গত বছরের মাঝামাঝি সময়ে ইয়াহু’র দায়িত্ব গ্রহণ করেন গুগল’র সাবেক নির্বাহী মারিসা মেয়ার। এর আগে টানা কয়েকবার প্রধান নির্বাহী পরিবর্তনের কারণে বেশ চাপের মুখে ছিল ইয়াহু। এবং টানা কয়েকমাস ক্ষতির মুখেও পড়ে তারা। তবে মারিসা মেয়ার দায়িত্ব গ্রহণের পরেই বেশকিছু পরিবর্তন নিয়ে আসার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। এবং শেষ পর্যন্ত বোধহয় মারিসা মেয়ারের গৃহীত নানা উদ্যোগের কারণেই আবার লাভের মুখ দেখতে শুরু করেছে ইয়াহু। সম্প্রতি ইয়াহু’র গত বছরের শেষ চতুর্ভাগের হিসাব প্রকাশিত হয়েছে এবং তাতে এই সময়ে বিজ্ঞাপন এবং অন্যান্য বিনিয়োগ থেকে আয়ের পরিমাণ যথেষ্ট পরিমাণেই বেড়েছে বলে জানিয়েছে তারা। এই শেষ চতুর্ভাগের হিসেবই বদলে দিয়েছে পুরো বছরের হিসাবটাও। বছর শেষে সার্বিকভাবে তারা আগের বছরের তুলনায় ২.৪ মিলিয়ন ডলার বেশি আয় করেছে। ২০০৮ সালের পর এই প্রথম তারা সার্বিকভাবে বছরের আয়ে আগের বছরের তুলনায় উপরে উঠে এসেছে। ইয়াহু’র এই উঠে আসাকে কেবল সূচনা বলেই অভিহিত করেছেন মারিসা মেয়ার।