ডাবলিনে বাংলাদেশের অনুশীলন শুরু

আপডেট : ০২ মে ২০১৯, ২২:০৯

গত বুধবার দেশ ত্যাগের পর আয়ারল্যান্ডের ডাবলিনে পৌঁছেছে বাংলাদেশ দল। একই দিন সন্ধ্যায় স্বপরিবারে দেশ ছাড়া সাকিব আল হাসানও ডাবলিনে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ইতোমধ্যে গতকাল অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ।

গতকাল সন্ধ্যায় ডাবলিন থেকে জাতীয় দলের প্রধান নির্বাচক ও ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, দলের সবাই সুস্থ আছে। আমরা ভালোভাবেই পৌঁছেছি। আজ (গতকাল) অনুশীলন রয়েছে। এখন বাসে রয়েছি। অনুশীলন করতে যাচ্ছে পুরো দল।

ত্রিদেশীয় সিরিজটা বাংলাদেশের জন্য বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের চূড়ান্ত দলের বাইরেও চার ক্রিকেটার নেয়া হয়েছে এই সিরিজের জন্য। মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনরা পুরো ফিট না হওয়ায় তারা আয়ারল্যান্ডে সব ম্যাচ খেলবেন না। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে মূল দলের আরও কয়েকজন ক্রিকেটারকে। তাদের জায়গায় খেলার সুযোগ পেতে পারেন ইয়াসির আলী রাব্বি, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজারা। উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজে ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল।