প্রান্তিক জনগোষ্ঠির কাছে তথ্যপ্রযুক্তি পৌঁছে দেওয়ার আহ্বান আইসিটি মন্ত্রীর

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৪২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী) মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি বলেছেন, ‘বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও অবাধ তথ্যপ্রবাহ দারিদ্র্য দূরীকরণ ও জনগণের ক্ষমতায়নের অন্যতম হাতিয়ার রূপে গণ্য হয়েছে। প্রযুক্তির নব নব উদ্ভাবনে তথ্য বিপ্লবের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষে বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে মন্ত্রণালয়ে উন্নীত করে এ খাতের প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে একটি অবাধ তথ্যপ্রবাহ সৃষ্টি করা যেখানে জনগণ সেবার পেছনে ছুটবে না বরং সেবাই পৌঁছে যাবে জনগণের কাছে—এমন লক্ষ অর্জনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত সংস্থাসমূহ নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে।’ সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে ‘উপজেলা ই-সার্ভিস’ এবং ‘আইসিটি স্কিলস অ্যান্ড টিচারস লেড কনটেন্ট ডেভেলপমেন্ট’ প্রশিক্ষণ পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এ কথা বলেন। বিসিসির নির্বাহী পরিচালক ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব কামাল উদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।