মার্চেন্ট ব্যাংকের প্রভিশন রাখা যাবে কিস্তিতে :বিএসইসি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫১
মার্চেন্ট ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওতে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে যে প্রভিশন রাখার কথা রয়েছে তা ২০১৩ সালের মধ্যে ৫টি সমান অংশে (২০ শতাংশ করে কিস্তিতে) সংরক্ষণ করতে পারবে। তবে এ সুবিধা গ্রহণ করলে ২০১২ সালের জন্য কোনো ধরনের নগদ লভ্যাংশ প্রদান করা যাবে না। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৪৬৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোনের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত সংবলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় মার্চেন্ট ব্যাংকগুলোর প্রভিশন রাখার ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ২০১৩ সালের অনাদায়কৃত ক্ষতির বিপরীতে প্রভিশন রাখতে হবে যথা নিয়মেই। সভায় গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ১০ মূল্যের ৫১ লাখ ৩ হাজারটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৫ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা মূলধন সংগ্রহের অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি বর্তমান শেয়ারহোল্ডারদের বাইরে ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশনের নিকট প্রাইভেট প্লেসমেন্ট ইস্যুর মাধ্যমে এই মূলধন উত্তোলন করবে। সভায় এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের খসড়া নির্দেশিকাও (প্রসপেক্টাস) অনুমোদন করা হয়েছে। মিউচুয়াল ফান্ডটির আকার হচ্ছে ১০০ কোটি টাকা। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। ১০০ কোটি টাকার মধ্যে ইতিমধ্যে ৫০ কোটি টাকা উদ্যোক্তা ও প্রাক আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।