জাদুকর মেসি এবার নেতাও

আপডেট : ০২ মে ২০১৯, ২২:১২

লিওনেল মেসি প্রায়ই বার্সেলোনা সমর্থকদের চূড়ান্ত আনন্দের কারণ হন। গেল বুধবার লিভারপুলের বিপক্ষে সেটা আরো একবার হলেন বটে, কিন্তু এবার সঙ্গে এলো নেতৃত্বগুণও। দলের স্বার্থে সতীর্থ ফেলিপে কোটিনহোর রক্ষণে এগিয়ে এলেন তিনি।

তার সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। তবে যখন প্রশ্নটা হতো নেতৃত্ব নিয়ে, তখন অনেক কিংবদন্তিদের কাছ থেকেই পাস নম্বর পেতে ব্যর্থ হতেন মেসি। স্বদেশী ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা তো বলেই দিয়েছিলেন খেলার আগে স্নায়ুচাপই ঠিকঠাক সামলাতে ব্যর্থ হন তিনি।

কিন্তু বার্সেলোনার অধিনায়ক হবার পর এ মৌসুমের শুরু থেকেই অন্য এক মেসিকেই দেখছেন সমর্থকরা। রেফারির সঙ্গে ন্যায্য সিদ্ধান্ত চেয়ে হলুদ কার্ড দেখা, সতীর্থরা মাঠে বিবাদে জড়িয়ে পড়লে ছাড়িয়ে আনা কিংবা সর্বশেষ বাজে ফর্মের সঙ্গে থাকা কোটিনহোকে আগলে রাখার দৃষ্টান্ত ব্যক্তি মেসিতে একমাত্র ‘অপূর্ণতা’টিও দূর করার ইঙ্গিত দিচ্ছে।

 খেলোয়াড় মেসি যে কোনো সময়ের চেয়ে বেশিই ভয়ংকর ফর্মে আছেন যাতে ভর করে বার্সেলোনা তাদের ইতিহাসে তৃতীয়বারের মতো সম্ভাব্য তিন শিরোপা বা ‘ট্রেবল’ জেতার দ্বারপ্রান্তে চলে এসেছে। বুধবার রাতে দ্বিতীয় গোলটি যখন করলেন মেসি, মাত্র তিন দিন আগেই ক্রিশ্চিয়ানো রোনালদোর করা ৬০০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। উল্লেখ্য, এক্ষেত্রে পর্তুগীজ তারকার চেয়ে ১১৮ ম্যাচ কম খেলেছেন ৬৮৩টি ক্লাব ম্যাচ খেলা এই আর্জেন্টাইন তারকা। 

ম্যাচের একটা বড় সময়ে দলের ব্রাজিলীয় ফরোয়ার্ড কোটিনহো দর্শকদের দুয়ো শুনেছেন। এর আগে মুখে হাত দিয়ে ইঙ্গিতপূর্ণ উদযাপনের পর বার্সা অধিনায়ক ম্যাচশেষে সতীর্থের রক্ষণে এগিয়ে এলেন। তিনি বলেন, ‘এখন আমাদের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটা খেলোয়াড়ই হোক কিংবা সমর্থক। এটা কাউকে সমালোচনা করার সময় নয়। কোটিনহোর বিপক্ষে দুয়োগুলো ছিল খুবই কুিসত। আমাদের আরো ঐক্যবদ্ধ থাকতে হবে।’

খারাপ ফর্মের কারণে সমর্থকদের রোষে পড়া ব্রাজিল তারকাকে অধিনায়কের এমন সমর্থন নিশ্চিতভাবেই মানসিকভাবে শক্ত করবে। কে জানে হারানো ছন্দ ফিরে পেতেও সাহায্য করে কী না! অধিনায়ক মেসি নিশ্চিতভাবে তেমনটাই চাইবেন। তাহলে যে শিরোপার পথে এগিয়ে নেবার গুরু দায়িত্বটাও একটু হালকা হয়ে যায়!