ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন বেশ সমস্যায় রয়েছেন। তবে সমস্যাটা মধুর। মেক্সিকোর স্ট্রাইকার জাভিয়ার হার্নান্দেজকে আজ বুধবার সাউদাম্পটনের বিপক্ষে নামাবেন কিনা এ নিয়ে সংশয়ে রয়েছেন। বর্তমানে ২৪ বছর বয়সী হার্নান্দেজ এ মৌসুমেই ১৪ গোল করেছেন। কিন্তু দলে কখনোই নিয়মিত ছিলেন না। স্বাভাবিকভাবেই ফার্গুসনের ভেতর থেকেই এই স্ট্রাইকারকে নিয়মিত একাদশে রাখার একটা চাপ তৈরি হয়েছে। কিন্তু সমস্যা হল, কাকে বসিয়ে মাঠে নামাবেন হার্নান্দেজকে।
প্রিমিয়ার লিগের রেকর্ডসংখ্যক শিরোপা যেতা ম্যানইউ আরেকটি শিরোপার দিকে তরতর করে এগিয়ে চলছে বাকি স্ট্রাইকাররাও দুরন্ত ফর্মে আছেন বলে। তুখোর ফর্মে থাকা রবিন ফন পার্সি, ওয়েইন রুনি এবং ড্যানি ওয়েলব্যাকের মধ্যে কাকে বসাবেন এ নিয়ে সংশয়ে আছেন স্যার ফার্গুসন। হার্নান্দেজের জোড়া গোলে ভর করে ইউনাইটেড এফএ কাপে গত শনিবার ফুলহ্যামকে বিদায় করে দেয়। কিন্তু প্রিমিয়ার লিগের ম্যাচে হার্নান্দেজকে বসে থাকতে হতে পারে। কারণ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা নেদারল্যান্ডসের খেলোয়াড় ফন পার্সির খেলার সম্ভাবনা বেশি। ফার্গুসন লিগ কাপে ফন পার্সিকে বিশ্রাম দিয়েছেন। কিন্তু প্রিমিয়ার লিগে এটা কঠিন কারণ ম্যানসিটি এগিয়ে যেতে পারে। সিটি গতকাল কুইন্স পার্ক রেঞ্জার্সের মোকাবেলা করবে।
ফার্গুসন হার্নান্দেজ সম্পর্কে বলেন, ‘গ্রীষ্মে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। হালকা বিশ্রামে সে লাভবান হয়েছে। কিন্তু তার ব্যাপারে আমার সংশয়টা মারাত্মক। তাকে অগ্রাহ্য করাটা কঠিন। কয়েকবার আমি তাকে রেখে রবিন ফন পার্সিকে নিয়েছি। আমি তাকে বুঝিয়েছি যে তার প্রতি আমাদের সম্মান রয়েছে। সেও ব্যাপারটা বোঝে। ও অনেক পেশাদার।’
