হকির উপদেষ্টা কোচ আসছেন কাল

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:০৭
জাতীয় হকি দলের উপদেষ্টা কোচ হিসাবে দায়িত্ব পালন করতে আগামীকাল ঢাকায় আসছেন বেলজিয়াম কোচ মাইকেল কিনান। আন্তর্জাতিক হকি ফেডারেশন বেলজিয় কোচের ব্যয় নির্বাহ করবেন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের শর্ত অনুযায়ী এক বছরে ছয় বার বাংলাদেশে আসবেন। আগামীকাল ঢাকায় এসে প্রথম দফায় আট দিন জাতীয় দলের সাথে কাজ করবেন তিনি। খণ্ডকালীন ভিত্তিতে পাওয়া এই কোচ এক বছরে প্রতিবার দশ দিনের জন্য আসবেন। কিন্তু এটাই যথেষ্ট নয় দলের জন্য। তাই ফেডারেশন চাইছে বাকি সময়টার জন্য এই কোচকে রেখে দিতে। তাতে পারিশ্রমিকটা বাংলাদেশকেই বহন করতে হবে। হকি ফেডারেশন খোঁজ নিয়ে জেনেছে বেলজিয় কোচটি আন্তর্জাতিক হকি ফেডারেশন থেকে প্রতিদিন দেড়শ ডলার পারিশ্রমিক পান। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন তারা একশ ডলারে রাজি করানোর চেষ্টা করবেন। কোচ রাজি হলে পুরো এক বছরের জন্য তাকে বাংলাদেশ দলের দায়িত্ব দেয়া হবে। ফেডারেশন সূত্রে জানা গেছে সেক্ষেত্রে আন্তর্জাতিক হকি ফেডারেশনের কোনো আপত্তি থাকবে না। খাজা রহমতউল্লাহ বলেন, ‘আমরা বেলজিয়াম কোচকে রাখার জন্য এক স্পন্সরের সাথে কথা বলছি। কোচ রাজি হলে একটা অগ্রগতি হবে। এ ব্যাপারে কোচ ঢাকায় এলে বিস্তারিত আলোচনা করব।’ দিল্লীতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হকি লিগের সময় বেলজিয় কোচকে পাওয়া যাবে না। কারণ ৮ ফেব্রুয়ারি তিনি ঢাকা ছাড়বেন। বর্তমান কোচ সাবেক তারকা খেলোয়াড় মাহবুব হারুন সে সময় দলের দায়িত্ব পালন করবেন। ওয়ার্ল্ড হকি লিগে অংশগ্রহণ করতে জাতীয় দল ১৩ ফেব্রুয়ারি দিল্লী যাবে। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ।