লিভারপুলের বিরুদ্ধে বার্সেলোনার ঐতিহাসিক জয়টি মাঠে বসেই দেখলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সাবেক দল বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের জয়টি দেখতে গত বুধবার রাতে তিনি ন্যু ক্যাম্পেই ছিলেন। এ খেলায় লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে বার্সা ৩-০ গোলে লিভারপুলকে হারিয়ে ফাইনালের পথে অনেকখানি এগিয়ে যায়। তাছাড়া এটি ছিল নিজেদের মাঠে লিভারপুলের বিরুদ্ধে বার্সার প্রথম জয়। কোচ গার্দিওলার সিটি চলতি মৌসুমে এই লিভারপুলের সাথেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে। সাবেক বার্সেলোনা কোচ তার বাবাকে নিয়ে স্টেডিয়ামে আগের আসনে বসেই খেলা দেখেন। এ খেলা দেখতে মাঠে আরো হাজির ছিলেন থিয়েরি অরি, রোনাল্ড কোয়েমান, কার্লোস কুইরোজ, টিটে, প্যাট্রিক ক্লুইভার্ট প্রমুখ।
