সুবিদখালীতে ডুবে যাওয়া পন্টুন ৩ মাসেও উদ্ধার হয়নি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২০
মীর্জাগঞ্জ উপজেলা সদরস্থ সুবিদখালী লঞ্চ টার্মিনাল ঘাটের ৭৮ নং পন্টুনটি শ্রীমন্ত নদীতে ডুবে যাওয়ার পর গত ৩ মাস অতিক্রান্ত হলেও তা উদ্ধার করা হয়নি। এতে একদিকে উপজেলার শত শত লঞ্চ যাত্রী যেমন চরম ভোগান্তির শিকার হচ্ছে অন্যদিকে নষ্ট হয়ে যাচ্ছে প্রায় কোটি টাকার সম্পদ এই পন্টুনটি। এখানে পন্টুন না থাকায় লঞ্চগুলোকে বাধ্য হয়ে অন্যত্র ভিড়তে হচ্ছে। ভাটার সময় যাত্রীদের কাঁদা-পানিতে নামিয়ে দেয়া হচ্ছে। এতে বিশেষ করে মহিলাদের খুব কষ্ট করতে হচ্ছে। ঢাকাসহ বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা পন্টুনটি অতি শীঘ্র উত্তোলন করে সংস্কারপূর্বক এটি স্থাপনের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত বছর ১৯ অক্টোবর রাতে পন্টুনটি তলা ফেটে স্থানীয় শ্রীমন্ত নদীতে ডুবে যায়। বরিশাল বিআইডব্লিউটি-এর নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের ঊধ্বর্তন পরিচালক মোঃ আশ্রাফ হোসেন জানান, এটি উত্তোলনপূর্বক মেরামতের জন্য ইতিমধ্যেই দরপত্র আহবান করা হয়েছে। শীঘ্রই এর কাজ শুরু করা হবে।