পীরগঞ্জ সরকারি খাদ্য গুদামের শ্রমিকরা তাদের রেজিস্টার্ড শ্রমিক ইউনিয়নের সম্পাদক লুত্ফর রহমানসহ বরখাস্তকৃত ৫ জন শ্রমিককে পুনর্বহালের দাবিতে গত ২৬ জানুয়ারি থেকে আন্দোলন শুরু করেছে। ফলে গুদামের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত ও সংগ্রহ অভিযান ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা হচ্ছে।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া আহম্মেদ জানান, গত ৮ আগষ্ট খাদ্য গুদামে ধূমায়ন কাজ চলাকালে হোলিং ঠিকাদার মোঃ গোলাম রব্বানী নিয়োজিত নিয়মিত শ্রমিকরা অসহযোগিতা করায় পোকা ও কীটপতঙ্গ দমন-এর কাজ বাইরের অনিয়মিত শ্রমিক দ্বারা করার সময় নিয়মিত শ্রমিকরা বাধা দান করে এবং খাদ্য গুদামের তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদ আলী ও অন্য কর্মচারীদের উপর চড়াও হয়। পরে উক্ত ঘটনার কথা হেন্ডলিং ঠিকাদারকে জানালে তিনি সংশ্লিষ্ট শ্রমিক হবিবর রহমান, লুত্ফর রহমান, খয়বর আলী, রুস্তম আলী ও খয়রাত আলীকে সাময়িকভাবে বহিষ্কার করেন। ইতিমধ্যে উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলি হওয়ায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া আহাম্মেদ দায়িত্ব গ্রহণের পর বহিষ্কৃত ৫ শ্রমিককে কাজে পুনর্বহালের জন্য দাবি জানানো হয়। কিন্তু ঠিকাদার বিষয়টি নিয়ে টালবাহানা শুরু করায় গত ২৬ জানুয়ারি খাদ্য গুদামের সকল শ্রমিক বৈঠক করাকালে ঠিকাদারের লোকজন সভায় হামলা করে সভা পন্ড করে দেয়। এ ঘটনার পর সকল শ্রমিক গুদামের কাজকর্ম থেকে বিরত থাকে এবং ২৮ জানুয়ারি খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নসহ পীরগঞ্জ উপজেলা যৌথ শ্রমিক ইউনিয়নের ব্যানারে বহিষ্কৃত ৫ জন শ্রমিককে পুনর্বহাল, শ্রমিকদের সভায় হামলার বিচারসহ, শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৫ দফা দাবি সম্বলিত একখানা স্মারকলিপি দাখিল করে। মিছিলে যৌথ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেব আলী ও সাধারণ সম্পাদক পিয়ার আলী নেতৃত্ব দেন। এছাড়াও মিছিলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ইকরামুল হক, শ্রমিক নেতা কমরেড নুরুজ্জামান ও সিপিবির সাবেক সম্পাদক জুয়েল অংশগ্রহণ করেন ।
