ফতুল্লায় রান খরার তিন দিনের ম্যাচে শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬। স্বাগতিক দল ৫ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলকে।
ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তানি দলটি অলআউট হয়েছিলো ১৪৮ রানে। জবাবে বাংলাদেশ দল ১৩৯ রানে অলআউট হয়। দ্বিতীয় দিনেই পাকিস্তান দল ১১০ রানে অলআউট হয়। ফলে বাংলাদেশি দলটার সামনে জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য দাঁড়ায়। সামান্য এই লক্ষ্য তাড়া করতে গিয়েও ৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় ৩৭ রানে ফিরে আসেন আরেক ওপেনার রবিন। ৪৩ রানে বাংলাদেশ হারায় ৩ উইকেট। এই অবস্থায় দ্বিতীয় দিনের খেলা শেষ হয় ওই ৩ উইকেটেই। শেষ দিনে খেলাটা নিয়ন্ত্রণ করেন আগের দিনের অপরাজিত সাকিব শাহরিয়ার। তিনি শেষ পর্যন্ত ৬৫ রান করে আউট হন। তখন দলের জয়ের জন্য দরকার ছিলো আর মাত্র ১০ রান। আইচ মোল্লা ১১ ও রিহাদ খান অপরাজিত ১৮ করে দলের জয় নিশ্চিত করেন। পরের খেলা অনুষ্ঠিত হবে খুলনায়।
সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান অনূর্ধ্ব-১৬-১ম ইনিংস: ৫০ ওভারে ১৪৮/১০
এবং ২য় ইনিংস: ৪৪.৩ ওভারে ১১০/১০ (সামির ৪৮, আহমাদ ২৪; আশিকুর ৪/২১, মাহফুজুর ৪/৩৮)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬-১ম ইনিংস: ৪৫.৫ ওভারে ১৩৯/১০ এবং ২য় ইনিংস: ৩৮.৫ ওভারে ১২১/৫ (সাকিব শাহরিয়ার ৬৫)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ৫ উইকেটে জয়ী। ম্যাচ অব দ্য ম্যাচ : সাকিব শাহরিয়ার।
