কুষ্টিয়ায় অস্ত্র তৈরির কারখানা :গ্রেফতার ৩

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২১
কুষ্টিয়ার পল্লীতে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার ও ওই কারখানার লেদ মেশিনে তৈরি তিনটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কুষ্টিয়ার কুমারখালীর চোরঙ্গী বাজারের একটি ওয়ার্কশপে দেশি অস্ত্র তৈরি করে সন্ত্রাসীদের বিক্রি করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে কুষ্টিয়া সার্কেলের এসএসপি ফখরুজ্জামান জুয়েলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চৌরঙ্গী বাজারে অবস্থিত জনৈক আক্কাসের ওয়ার্কশপ ঘেরাও করে অভিযান চালায়। এসময় পুলিশ ওই ওয়ার্কশপের লেদ মেশিনে তিনটি সাটারগান ও ২টি বোমা উদ্ধার এবং ওয়ার্কশপের তিন কর্মচারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-শফিকুল ইসলাম (২২), হযরত আলী (২৩) ও সুরুজ (২৫)। উদ্ধারকৃত অস্ত্রগুলো ওয়ার্কশপের বাঁশের সিলিংয়ের উপরে পলিথিন মুড়িয়ে লুকিয়ে রাখা হয়েছিল। তবে পুলিশ ওয়ার্কশপের মালিক আক্কাসকে গ্রেফতার করতে পারেনি। এই ওয়ার্কশপে আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো বলে ধৃতরা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে। এব্যাপারে কুমারখালী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। এএসপি ফখরুজ্জামান জানান, আসামিদেরকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্রের ক্রেতাদেরও খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।