হাজীগঞ্জ হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, ৩০ দোকান ভস্মীভূত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৩
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার পৌর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তথ্যমতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। সোমবার রাত সোয়া দু’টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ কেউ নিশ্চিত করতে পারেনি। ফায়ার সার্ভিস ও থানা পুলিশের ভাষ্যমতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে স্থানীয় লোকজন ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা করে। পড়ে শাহরাস্তি উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আঃ রশিদ মজুমদারের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়।