রংপুরে নবম শ্রেণীর ছাত্রী মাসুদা আক্তার মণির উপর এসিড নিক্ষেপকারী জামিনে মুক্তিপ্রাপ্ত আসামিদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে সোমবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলার চোখ-এর উদ্যোগে ১২টা থেকে ২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সমাজকল্যাণ বিদ্যাবীথি স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তানভীরুজ্জামান তানভীরের সভাপতিত্বে সমাবেশে বিদ্যাবীথি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী এসিডদগ্ধ মাসুদা আক্তার মণি উপস্থিত হয়ে বলে, বখাটে সন্ত্রাসী আরিফ ও তার সাঙ্গপাঙ্গ এসিডে আমার সুন্দর স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমি বখাটে যুবকদের ফাঁসি চাই। বক্তব্য রাখেন সমাজকল্যাণ বিদ্যাবীথি স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মতলেবুর রহমান সাজু, শিক্ষক আব্দুস সাত্তার পাটোয়ারী, জাসদের সাখাওয়াত রাঙ্গা, পৌর কাউন্সিলর শাহজালাল করিম বকুল, কাউন্সিলর জাফরিন ইসলাম রিপা, হাসনা বানু, স্মারতি নাট্য সমপ্রদায়ের এসআই আরিফুজ্জামান, শিক্ষার্থী ঋতুপর্ণা সরকার খুশি প্রমুখ। তারা মাসুদা আক্তার মণির উপর এসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বলেন, এসিড নিক্ষেপকারী বখাটে সন্ত্রাসীরা গ্রেফতার হওয়ার পর হাইকোর্ট থেকে জামিনে বের হয়ে এসে এসিডদগ্ধ মণির ভাই, মাসহ পরিবারকে ও তাদের সহযোগিতাকারীদের হুমকি প্রদান করছে। এসিডদগ্ধ মণি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা অবিলম্বে মণির উপর এসিড নিক্ষেপকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান।
