সিদ্ধিরগঞ্জের একটি হোসিয়ারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১টায় হীরাঝিল এলাকায়। এলাকার একটি কক্ষ ভাড়া নিয়ে মেসার্স শরীফ এন্টারপ্রাইজ নামে একটি হোসিয়ারী প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে খাবারের সময় শ্রমিকরা কারখানা বন্ধ করে চলে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় কারখানার ভেতর থেকে ধোঁয়া বেরুচ্ছে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার বিভিন্ন ধরনের ১৫টি মেশিন ও মালামাল পুড়ে গেছে। মালিকপক্ষ আগুনে ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানায়। তবে ডেমরা ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়।
