অপহরণের ২০ দিন অতিবাহিত হলেও স্কুলছাত্রী সামিয়া আক্তার কান্তাকে উদ্ধার করতে পারেনি রায়পুরা থানা পুলিশ। গ্রেফতার করতে পারছে না অপহরণের সাথে জড়িত সন্ত্রাসীদের। অভিযোগ রয়েছে রহস্যজনক কারণে পুলিশের তদন্তের গতি শ্লথ হয়ে পড়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার মুখে কান্তার পিতাকে মামলা প্রত্যাহার করার জন্য চাপ ও হুমকি দিচ্ছে অপহরণকারীরা।
গত ১০ জানুয়ারি রায়পুরা উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের মোঃ কাইয়ূম ভূঁইয়ার মেয়ে এবং স্থানীয় বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী সামিয়া আক্তার কান্তা স্কুলে যাবার পথে একই গ্রামের সন্ত্রাসী বখাটে মাহাবুব এবং তার আরো ৬/৭ সহযোগী কান্তাকে রাস্তা থেকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে কান্তার আর কোন সন্ধান পাচ্ছে না তার আত্মীয় স্বজনরা। কান্তার পিতা গত ১২ জানুয়ারি রায়পুরা থানায় মাহাবুব, মামুন, আনোয়ার হোসেন ও তছলিমা বেগমসহ ৭/৮ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর আসামিদের খুঁজে বের করার জন্য কান্তার আত্মীয়-স্বজন পুলিশের কাছে বার বার ধর্না দিয়েও কোন সুফল পাচ্ছে না। অভিযোগ রয়েছে আসামিদের সম্পর্কে খবরা-খবর থানা পুলিশকে জানালে পুলিশ আসামি ধরতে গড়িমসি করছে। কান্তাকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে তার পিতা-মাতা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
