বিক্রয়কর্মী হিসাবে সফল মেয়েরা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২২:১০
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের প্রচার প্রচারণা শেষের দিকে। মাস জুড়ে এ প্রচার প্রচারণায় ছেলেদের চেয়ে মেয়েরাই অনেক এগিয়ে। স্টল ও প্যাভিলিয়নগুলোতে পণ্য বিক্রি এবং প্রচারণার কাজ বেশিরভাগ মেয়েরাই করছেন। এরা নানা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেয়েরা এখন তাদের সময় নষ্ট করছেন না। পড়াশোনার ফাঁকে ফাঁকে সময়টাকে কাজে লাগাচ্ছেন নানা ধরনের খণ্ডকালীন চাকরিতে। বছর শুরুতে বাণিজ্য মেলা আসলেই প্রায় ২ হাজার মেয়ে খণ্ডকালীন কাজ করার সুযোগ পান। পত্রিকায় বিজ্ঞাপন অথবা আগে কাজ করার সুবাদে মেলে তাদের এই চাকরি। ভালো বেতনও পান তারা। কেউ পার্ট টাইম আবার কেউ ফুল টাইমে খন্ডকালীন চাকরি করছেন বাণিজ্য মেলায়। তাদের প্রতিদিন ৫০০ টাকা থেকে ৮০০ টাকা দিয়ে থাকে কর্তৃপক্ষ। মেলায় খণ্ডকালীন চাকরির জন্য সিভি জমা দিয়ে মুখোমুখি হতে হয়েছে মৌখিক পরীক্ষায়। অনেক কোম্পানি কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করেন বিক্রয়কর্মী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী রাইমা কাজল। খণ্ডকালীন কাজের জন্য মেলার একটি প্রসাধনী স্টলে এসেছেন তিনি। তিনি ইত্তেফাককে জানান, এখানে কাজ করতে এসে অনেক রকমের মানুষের সঙ্গে মিশে নানা ধরনের অভিজ্ঞতা লাভ করা যায়। বছর শুরুতে তেমন ক্লাস থাকে না। তাই খণ্ডকালীন কাজ করতে মেলায় আসা। বিক্রয় কর্মী হিসেবে কাজ করলে মোটিভেশন পাওয়ার বাড়ে যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সুবিধা হয়। পাশাপাশি হাত খরচ উঠে আসে। বিক্রয়কর্মী হিসেবে সব মেয়েরাই সুযোগ পাচ্ছেন না মেলায় খণ্ডকালীন কাজ করার। ইংরেজি এবং বাংলায় সুন্দর করে কথা বলতে জানতে হয়। পণ্য বিক্রি এবং প্রচারণার জন্য ভালো মটিভেটিং পাওয়ার থাকতে হয়। ভালো কণ্ঠস্বর এবং সুন্দরীতো হতে হয় বটেই, জানিয়েছেন পল্লী টেকনোলজি ফ্যাশন প্রোডাক্টস্ স্টলের এক কর্মকর্তা আমিনুল ইসলাম। বিক্রয়কর্মী হিসেবে মেয়েদের কেন বেশি নেয়া হয় - এরূপ প্রশ্নে তিনি জানান, মেয়েরা বেশি পণ্য বিক্রি করতে পারে এবং তারা ক্রেতাদের ভালো মোটিভেট করতে পারে।