পুঁজিবাজার পরিচালনার রাস্তাটাই গোলমেলে এবং দূষিত বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রাস্তাটা ঠিক করা দরকার। আশা করছি, নতুন সূচকের পর পুঁজিবাজারের উন্নতি হবে। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এর আগে অর্থমন্ত্রীর কাছে আইসিবি’র পর্ষদ চেয়ারম্যান অধ্যাপক এসএম মাহফুজুর রহমান প্রতিষ্ঠানের লভ্যাংশের অর্থ তুলে দেন। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। অনেক আইন-কানুন করেছি। কিছুটা সফল হয়েছি। এরই অংশ হিসেবে ডিমিউচুয়ালাইজেশন করা হচ্ছে। তবে ডিমিউচুয়ালাইজেশন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। অর্থমন্ত্রী বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন সূচক চালু হয়েছে। একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে। এছাড়া পুঁজিবাজার চাঙ্গা করতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকেও উদ্যোগ নেয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ফান্ডে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়া যেতে পারে। তবে সেটি জরিমানা দিয়ে। লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে আইসিবি কর্তৃপক্ষ সরকারকে ২০১১-১২ অর্থ বছরের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২৫ শতাংশ স্টক লভ্যাংশ হস্তান্তর করেন। এর মধ্যে ২২ কোটি ৭৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা নগদ এবং বাকি অর্ধেক বোনাস। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিব অমলেন্দু মুখার্জি, আইসিবি’র পর্ষদ সদস্য এসএম মনিরুজ্জামান, প্রদীপ কুমার দত্ত, এসএম আমিনুর রহমান, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
