ফ্রিল্যান্সারদের জন্য ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ প্রতিযোগিতা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৩৮
তথ্যপ্রযুক্তি খাতে ফ্রিল্যান্সারদের সরাসরি অবদান অন্য সকল কাজকে ছাড়িয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ফ্রিল্যান্সারদের ভালো কোনও কমিউনিটি গড়ে উঠেনি আমাদের দেশে। ফ্রিল্যান্সারদের একটি কমিউটনিটি তৈরির পূর্বশর্ত হচ্ছে নিজেদেরকে চেনা-জানা, তাদের নিজেদের মধ্যে একটি যোগাযোগের মাধ্যম তৈরি করা। সেই কমিউনিটি তৈরির লক্ষ্যে প্রিয়.কম আয়োজন করেছে ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ ব্লগ প্রতিযোগিতা। এ উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, বিডিওএসএন-এর সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রিয়.কম সম্পাদক জাকারিয়া স্বপন, স্মার্ট টেকনোলজির সহকারী মহা-ব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী, ইল্যান্স-এর কান্ট্রি ডিরেক্টর মো. সাইদুর মামুন খান, ওডেস্কের অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানি ও ফ্রিল্যান্সারের মো. আলী আজগর প্রমুখ। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ী সেরা লেখকদের জন্য স্মার্ট টেকনোলজির সৌজন্যে দেওয়া হবে পুরস্কার। পাশাপাশি ১০০ জনকে দেয়া হবে ‘গর্বিত ফ্রিল্যান্সার’ টি-শার্ট। আর সেরা লেখাগুলো নিয়ে প্রকাশ করা হবে একটি ই-বুক। বিচারকদের নাম্বার ও ফেসবুক লাইকের ভিত্তিকে বিজয়ী নির্বাচন করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রিল্যান্সাররা তাদের জীবনের নানা বিষয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরতে পারবেন এই প্রতিযোগিতায়। পুরো ফ্রেরুয়ারি মাস জুড়ে এ প্রতিযোগিতা চলবে। এই প্রতিযোগিতায় প্রিয়.কমের সহযোগী হিসেবে থাকছে স্মার্ট টেকনোলজি এবং বেসিস। প্রতিযোগীরা www.priyo.com/tech সাইটের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।