পুঁজিবাজার স্থিতিশীলতায় কমিটি গঠন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
পুঁজিবাজারের বিদ্যমান মন্দা কাটাতে ব্যাংক, বীমাসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা সৃষ্টি করার জন্য নয়, কার্যতই শেয়ারবাজারের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মঙ্গলবার ডিএসই কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ডিএসই সভাপতি রকিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা শুভ্রকান্তি চৌধুরীসহ ডিএসই’র পরিচালকবৃন্দ। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন কমিটির আহবায়ক। এছাড়া কমিটিতে রয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি তপন চৌধুরী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন, সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটু, এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি নূরুল আমীন, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এবং বিগ্রেডিয়ার জেনারেল ওয়াকার। কমিটির মুখপাত্র ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ডিএসই সভাপতি রকিবুর রহমান। বর্তমান বাজারের মন্দা সম্পর্কে রকিবুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকা সত্ত্বেও শেয়ারবাজারের মন্দা পরিস্থিতির প্রধান কারণ হচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা। তিনি বলেন, হতাশার কারণে নতুন বিনিয়োগকারীরাও বাজারে আসছেন না। তিনি বলেন, শেয়ারবাজারের বর্তমান মন্দা পরিস্থিতির পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা সমাধানে কথা বলা হচ্ছে।