প্রথম সমাবর্তনে বঞ্চিত হচ্ছে অর্ধলাখ শিক্ষার্থী

আপডেট : ০২ মে ২০১৯, ২২:২২

বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষে মূল সনদপত্র দেওয়া হয় সমাবর্তনের মাধ্যমে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একযুগ অতিক্রম করলেও সমাবর্তন পাননি কোনো ডিগ্রিধারী। দীর্ঘ আন্দোলনের পর এই বছরের নভেম্বরে প্রথম সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই সমাবর্তন আয়োজন করা হচ্ছে। আবেদন করা না করা আবেদনকারীদের ইচ্ছা। তবু যদি শেষ দুইদিন আবেদনকারীদের আগ্রহ দেখি তবে আরো কিছু সময় বাড়ানো হতে পারে।

সূত্র জানায়, সমাবর্তনের জন্য ডিগ্রিধারীদের গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সমাবর্তনের জন্য আবেদন করতে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ৭১ হাজার শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণযোগ্য। গত সোমবার রেজিস্ট্রার দপ্তরের দেওয়া শেষ তথ্যানুযায়ী, আবেদন জমা পড়েছে ১৯ হাজার ৩২৬ জনের। সমাবর্তন ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করেছেন ১০ হাজার ১৮৭ জন। পেমেন্ট প্রক্রিয়ায় জটিলতার কারণে ফি জমা দিতে পারেনি বলে অভিযোগ জানিয়েছেন অনেক শিক্ষার্থী। রয়েছে আবেদন প্রক্রিয়ায় জটিলতা। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর ধাপে ধাপে টুলস পরিবর্তন ও ওয়েবসাইট আপডেট করা হয়েছে বেশ কয়েকবার। এরজন্য আলাদা কোনো নোটিস দিয়ে জানানো হয়নি। এতে শিক্ষার্থীদের আবেদন করতে ঝামেলা পোহাতে হয়েছে। আবেদন কম জমা হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অভিযোগ, যথাযথ প্রচারণা না করা আবেদনে প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগা, বিভিন্ন কারিগরি ত্রুটি ও জটিলতা থাকা, ফি জমা দেওয়ায় ব্যাংক এর সুযোগ না রাখা, প্রায়ই সার্ভার ডাউন ও বন্ধ থাকাসহ নানা সমস্যার জন্য সমাবর্তনে ডিগ্রিধারীদের আগ্রহ দেখা যাচ্ছে না। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ইত্তেফাককে বলেন, আবেদন প্রক্রিয়া সহজভাবে সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে। তবে আবেদন আইনি সেক্টরে দক্ষ জনবলের অভাব রয়েছে। তাই কিছু কারিগরি জটিলতা সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থীরা আবেদন করলে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হবে।