প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। নানা কৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া তাদের পেশা। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো— সিরাজুল ইসলাম, শামীম মিয়া, নুরুল ইসলাম, তোফাজ্জল করিম তানভির, মিনার মিয়া, মো. মিজান, আক্তার ফারুক, মো. রাজু, গোলাম মোস্তফা শাকিল, জাহাঙ্গীরুল আবেদীন, শাকিল খান, আজগর আলী হাওলাদার, অজয় চাকী, হারুন উর রশিদ ও তুষার আহমেদ। গত বুধবার বিকাল ৬টা থেকে গতকাল সকাল পর্যন্ত কাফরুলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ তাদের গ্রেফতার করে। র্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির সংবাদ ব্রিফিংয়ে বলেন, গ্রেফতার ব্যক্তিরা ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের ধাতব পণ্য বেচাকেনার প্রলোভন দেখায়। প্রতারণার কৌশল হিসেবে তারা ম্যাগনেটিক কয়েন ব্যবহার করে। সেগুলো মূল্যবান দাবি করে বিক্রির নামে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম ১০ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নিত আগেই। পরবর্তীতে সেগুলো তারাই বিদেশে বিক্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিত। একইভাবে শাটিং ফেব্রিক্স, জাহাজ ভাঙা লোহা, ম্যাগনেটিক পিলারসহ তক্ষক বিক্রির নামে টাকা হাতিয়ে নিত তারা।
