মুক্তিযোদ্ধাকে হারিয়ে আরামবাগের প্রতিশোধ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২১
সবুজ কুমার বিশ্বাসের একমাত্র গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে আরামবাগ শুধু প্রতিশোধই নেয়নি, রেলিগেশন আতংকে থাকা দলটি কিছুটা দম ফেলার সুযোগ পেল। মহা মূল্যবান এ গোলটি এসেছে ২৩ মিনিটে। প্রথমপর্বে মুক্তিযোদ্ধা ১-০ গোলে আরামবাগকে হারিয়েছিল। মুক্তিযোদ্ধার জন্যও গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটি। কেননা জয় পেলে তারা পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে চলে যেতে পারত। কিন্তু গতকাল বুধবার তা করতে ব্যর্থ হয়েছেন মুক্তিযোদ্ধার জাহেদ পারভেজ, দিদার, বেঞ্জামিন এলিটা, ড্যামি, ডার্লিংটন, মোঃ ইউসুফ ও কাঞ্চনরা। গোলটি হজমের পর অবশিষ্ট ৬৭ মিনিটে তারা জয় তো দূরের কথা, সমতা আনতেও পারেনি শফিকুল ইসলাম মানিকের দল। রেলিগেশনের আতংকে থাকা আরামবাগ পেশাদার লিগের ফিরতিপর্বে নিজেদের প্রথম ম্যাচেই জয়ী হলো মুক্তিযোদ্ধার মতো বড় দলের বিরুদ্ধে। খোকন দাস, খালেদ আহমেদ, মিতুল হাসান, মুরসালিন পারভেজ, ডালিমদের পারফরম্যান্স জয় এনে দেয়। তাও আবার আগের দিন রেলিগেশনের শংকায় থাকা ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে মোহামেডানের মতো শক্তিশালী দলকে হারিয়েছিল। আরামবাগের খেলোয়াড়রা হয়তো এ জয় থেকে উজ্জীবিত হয়ে একটা সুযোগ নিতে মাঠে নেমেছিল কাল। জানা গেছে, খেলোয়াড়দের প্রতি আরামবাগ কর্মকর্তাদের নির্দেশনা ছিল মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট পেতে হবে। খেলা শেষে আরামবাগের কোচ শাহাদাত হোসেন বললেন, ‘এক পয়েন্ট টার্গেট থাকলেও আল্লাহর রহমতে আমরা তিন পয়েন্ট পেয়েছি।’ মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমার দল সুন্দর খেললেও ম্যাচ না জিতলে লাভ কী।’ মানিক অবশ্য আরামবাগকে জয়ের জন্য কৃতিত্ব দিতে নারাজ। কারণ তার মতে-‘আরামবাগ ভালো খেলে জিতেনি।’ তিনি আরো বলেন, ‘আমার খেলোয়াড়রা লাইন থেকে গোল করতে পারেনি। এভাবে মিস করলে গোল পাওয়া কঠিন।’ তিনি এও জানান যে, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ না থাকলেও পয়েন্ট টেবিলে ভালো অবস্থানই তাদের লক্ষ্য। এদিকে মহামূল্যবান গোলটি করে ম্যাচের হিরো হয়ে গেলেন সবুজ। তরুণ এই ফুটবলার চার বছরের ক্যারিয়ারে প্রথম গোলটি করলেন এমন এক সময়ে যখন আরামবাগ নিশ্চিত বিপদের দিকে এগিয়ে যাচ্ছিল। নড়াইলের সবুজ বিকেএসপি থেকে বেরিয়ে ১৪ বছর বয়সে ব্রাদার্সে নাম লিখিয়েছিলেন। সেখানে তিন মৌসুম কাটিয়ে এবার আরামবাগের জার্সি জড়িয়েছেন গায়ে। তার লক্ষ্যভেদে নয় খেলায় আরামবাগের অর্জন দাঁড়ালো ৬ পয়েন্ট। অপরদিকে সমান ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৪। আজ খেলা নেই। রবিবার ঢাকায় শেখ রাসেল ও বিজেএমসি, আবাহনী ও আরামবাগ এবং গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা-ব্রাদার্স মুখোমুখি হবে।