চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি নেতা ও সাবেক এক ইউপি সদস্য শামসুদ্দিন টগরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রাম এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে।
নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় পুলিশ নতুন করে কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে এজাহারভুক্ত প্রধান আসামিরা পরিবার পরিজন নিয়ে গা ঢাকা দিয়েছে। গত বুধবার সন্ধ্যায় নিহত ইউপি সদস্য ও বিএনপি নেতা টগরের লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নূর মোহাম্মদ জানান, গত ১৩ জানুয়ারি মামলার তদন্ত করে বাদীকে তার প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদর্শনের জন্য বলা হয়েছিল। এদিকে পূর্বের দায়েরকৃত মামলার আসামিরা জামিনে বেরিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে এবং হত্যা মামলার এজাহার ভুক্ত অন্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
