বর্তমান সরকারের মেয়াদ আছে আর একবছর। অথচ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দুটি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়নি। এ প্রকল্প দুটি হচ্ছে: দর্শনা-মুজিবনগর-মেহেরপুর রেলপথ নির্মাণ ও মৃত ভৈরব পুনঃখনন প্রকল্প। ২০১১ সালে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুটি প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার দু’বছর পেরিয়ে গেলেও এ দুটি প্রকল্পের কাজ শুরু হয়নি। এমনকি কবে হবে তাও সংশ্লিষ্ট বিভাগ বলতে পারে না। প্রধানমন্ত্রীর ঘোষণার কয়েক দিনের মাথায় রেলওয়ের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন এবং সম্ভাব্যতা নিয়ে পর্যবেক্ষণ করে যান। রেলওয়ের পশ্চিম জোনের প্রকল্প শাখার নির্বাহী প্রকৌশলী আহসান জাবির জানান, দর্শনা- মুজিবনগর হয়ে মেহেরপুর পর্যন্ত ৫৪ কিলোমিটার রেললাইন নির্মাণের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়। ব্যয় ধরা হয়েছে ৬৯৭ কোটি ৭৪ লাখ টাকা। তারপর প্রকল্পটি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নতুন এ রেললাইনে ৭টি স্টেশন স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। তিনি জানান, প্রকল্পটি এখনও একনেকে পাস হয়নি।
অন্যদিকে প্রধানমন্ত্রীর ঘোষণার পর পানি উন্নয়ন বোর্ড একটি টেকনিক্যাল কমিটি গঠন করে ভৈরব পুনঃখননের সম্ভাব্যতা যাচাইয়ে তাদের রিপোর্ট পাওয়ার পর বোর্ড পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ভৈরব পুনঃখনন প্রকল্প প্রণয়ন করে। প্রাথমিকভাবে ভৈরবের বাংলাদেশে প্রবেশমুখ থেকে মুজিবনগর পর্যন্ত ২৯ কিলোমিটার খননের জন্য ব্যয় ধরা হয় ৭৫ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে মেহেরপুর ও মুজিবনগর উপজেলার ৩১ হাজার ৫শ’ হেক্টর জমি উপকৃত হবে।
