সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে গলাচিপা উপজেলার বড়গাবুয়া গ্রামে গভীর রাতে মনোরঞ্জন বাঘমারের পরিবারে হামলা চালিয়ে তার কিশোরী কন্যাকে অপহরণ করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ভস্মীভূত করেছে বসতঘর। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে ১৬ জনকে আসামি করে গলাচিপা থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করলেও গত ৮ দিনেও উদ্ধার হয়নি অপহূত কিশোরী। এদিকে, এ ঘটনায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা শাখা গভীর উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। প্রকাশ, বড়গাবুয়া গ্রামের ওই সংখ্যালঘু পরিবারটির সঙ্গে একই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ। এই বিরোধের জেরে আনোয়ার হোসেনের ছেলে মোঃ মজিবর রহমানের নেতৃত্বে গত ২১ জানুয়ারি রাত একটার দিকে ১৫-১৬ জনের একটি দল মনোরঞ্জন বাঘমারের বাড়িতে একটি ঘরে হামলা করে কিশোরীকে অপহরণ করে। এদিকে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস গতকাল বুধবার এক বিবৃতিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার ও অপহূত কিশোরীকে উদ্ধারের জন্য জেলা প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।
